1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 4:57 am

অডিটে অবৈধ ঘোষিত সনদে চাকরি, বন্ধ বেতন ফের চালুর অভিযোগ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 25 Time View

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: 

দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) জয়ন্তী রানীর বন্ধ থাকা বেতন পুনরায় চালুর ঘটনায় অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয়ের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেতন চালু করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন মহল। অভিযোগ অনুযায়ী, সরকারি নীতিমালার বাইরে থাকা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের সনদ নিয়ে চাকরিতে যোগদান করেন জয়ন্তী রানী। এ ঘটনায় বিদ্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন রায়ের বিরুদ্ধে অনৈতিক সুবিধার বিনিময়ে বেতন চালুর অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই প্রয়োজন। জানা যায়, ২০০২ সালের ১০ অক্টোবর জয়ন্তী রানী রায় পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (আইসিটি) পদে যোগদান করেন। অভিযোগ রয়েছে, তিনি সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সনদ না নিয়ে বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (বিসিই) নামের প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের সনদ গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৬ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অডিটে বিসিইর ওই সনদ অবৈধ ঘোষণা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে তাঁকে চাকরি থেকে অব্যাহতি এবং বেতন বাবদ নেওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয় বলে অভিযোগ রয়েছে। ২০১৮ সালের মন্ত্রণালয়ের অডিটেও ওই সনদ অবৈধ উল্লেখ করে চাকরি থেকে অব্যাহতি এবং বেতন বাবদ নেওয়া প্রায় সাড়ে ১৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে এসব নির্দেশনার যথাযথ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর আঞ্চলিক কার্যালয় থেকে দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরে জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোহাঃ আলাউদ্দীন আল আজাদ ও গবেষণা কর্মকর্তা রেজাউল করিমসহ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তবে অভিযোগকারীদের দাবি, তদন্ত প্রতিবেদনে ২০০৬ ও ২০১৮ সালের অডিটের বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে দুদকের গণশুনানিতে জয়ন্তী রানীর আইসিটি সনদ ও নিয়োগের বিষয়টি উত্থাপন করা হয়। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। এর ধারাবাহিকতায় জেলা শিক্ষা কর্মকর্তা গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে বিদ্যালয়ের তৎকালীন সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীমকে জয়ন্তী রানীর বেতন বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান। পরে ২২ জানুয়ারি তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন রায়কে বেতন বন্ধের নির্দেশ দেন। ওই নির্দেশনার পর চলতি বছরের মার্চ মাস থেকে জয়ন্তী রানীর বেতন বন্ধ করা হয়। কিন্তু বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ গ্রহণের পর চলতি নভেম্বর মাস থেকে পুনরায় তাঁর বেতন চালু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের পূর্ববর্তী নির্দেশনা উপেক্ষা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক কাজে অর্থ লেনদেনের অভিযোগও তুলেছেন কয়েকজন শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা দাবি করেন, ফাইলপত্র ও এমপিও-সংক্রান্ত কাজে অর্থ ছাড়া সহযোগিতা পাওয়া কঠিন। এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরও হয়রানির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে আবুল কালাম আজাদ বলেন, “যারা অডিটে আসেন, তাঁদেরও মোটা বান্ডিল দিতে হয়। একটু কম হলেই তাঁরা এ রকম ওলট-পালট রিপোর্ট দেন। আমি সভাপতি হিসেবে কারও বেতন আটকে রাখতে পারি না।” অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন রায়ের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। কালব সমবায় সমিতির ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখানে আমার করার কিছু নেই। যা করেছে স্কুলের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা করেছেন।” এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে চাকরির প্রত্যাশায় অনেক শিক্ষিত তরুণ যখন অপেক্ষায় রয়েছেন, তখন অগ্রহণযোগ্য সনদে চাকরি এবং সরকারি বেতন-ভাতা গ্রহণের এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট অডিট ও প্রশাসনিক নির্দেশনার বাস্তবায়ন এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost