1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 5:10 am

দিনাজপুরে হাবিপ্রবির বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প, সেবা পেলেন কৃষকরা

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 14 Time View

ওয়াহেদুর রহমান, দিনাজপুর: 

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে গবাদিপশু, হাঁস-মুরগি ও পোষা প্রাণীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। সোমবার (১৬ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্পের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল। ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, ভেটেরিনারি টিচিং হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদ, বিশেষজ্ঞ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও প্রফেসর ড. মো. ফারুক ইসলামসহ শিক্ষক-কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেন। এ সময় দুজন সিনিয়র হাউস সার্জন, একজন ফার্ম সুপারভাইজার এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা চিকিৎসাসেবা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, গ্রামের প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পশুপালনবিষয়ক পরামর্শ ও চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অর্থনীতিতে প্রান্তিক কৃষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা রয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলে গবাদিপশুর রোগবালাই সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পাশাপাশি সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার দক্ষতাও বাড়বে। কৃষকদের উদ্দেশে উপাচার্য বলেন, গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও স্বাস্থ্যসেবাসংক্রান্ত যেকোনো সমস্যায় বিশ্ববিদ্যালয়ের দরজা সব সময় খোলা। প্রয়োজনে কৃষকেরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়া হবে। ভবিষ্যতে প্রতি মাসে এ ধরনের কর্মসূচি আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তিনি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ ক্যাম্পের মাধ্যমে ২৫০টি গরু, ৩০০টি ছাগল, ৬০টি হাঁস-মুরগি, ৭০টি ভেড়া, ৪টি বিড়াল এবং ৩টি গবাদিপশুর খামার পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন রোগের টিকা, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন সরবরাহ করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকদের সচেতনতা ও পশুপালন ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost