রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সাবিহার ব্যাংক হিসাবে একদিনে ৫০ লাখ টাকা জমা হওয়ার অভিযোগকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিপুল অঙ্কের এই অর্থের উৎস নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, একদিনেই তাঁর ব্যাংক হিসাবে অর্ধকোটি টাকা জমা হয়েছে। জমি বিক্রি কিংবা অন্য কোনো বৈধ উৎস থেকে এ অর্থ এসেছে কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে এ বিষয়ে সার্জেন্ট সাবিহার পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানা গেছে।অন্যদিকে, তাঁর একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। জানা গেছে, তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে প্রায় ১০ বছর ধরে কর্মরত রয়েছেন। সরকারি চাকরিবিধি অনুযায়ী, একজন পুলিশ সদস্য একই কর্মস্থলে কতদিন দায়িত্ব পালন করতে পারেন এবং দীর্ঘদিন একই বিভাগে কর্মরত থাকার ক্ষেত্রে বদলি নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, পুলিশের ট্রাফিক বিভাগে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। আইন প্রয়োগকারী সংস্থার একজন সদস্যের ব্যাংক হিসাবে এত বড় অঙ্কের অর্থ জমার বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বক্তব্য জানতে যোগাযোগ করা হলে পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, কোনো প্রশাসনিক অভিযোগ না পাওয়া পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে কারও ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে পুলিশ তদন্ত শুরু করে না। সংশ্লিষ্টদের মতে, সার্জেন্ট সাবিহার ব্যাংক হিসাবে ৫০ লাখ টাকা জমার অভিযোগের সত্যতা, অর্থের উৎস এবং একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের বিষয়টি যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।
Leave a Reply