দামুড়হুদায় ভোক্তা-অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ৭০ হাজার
নিজস্ব প্রতিবেদক
Update Time :
সোমবার, মে ১৮, ২০২৬
42 Time View
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আটকবর ও কার্পাসডাঙ্গা বাজারে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে শিশুখাদ্য, সার ও বীজের দোকানে তদারকি করা হয়। এসময় ভোক্তা-অধিকার আইন লঙ্ঘনের দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুই বস্তা মানহীন জুস বার জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, লাইসেন্স ব্যতিত গ্যাস সিলিন্ডার বিক্রয় করার অপরাধে মো: আব্দুর বারেকের প্রতিষ্ঠান ‘মেসার্স মা অটো’কে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় করায় মো: বেল্টু মিয়ার ‘মেসার্স তিসাম বীজ ও বস্তা ঘর’কে ১৫ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া শিশুখাদ্য বিক্রির অপরাধে মো: হারুন অর রশিদের ‘মেসার্স হারুন স্টোর’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত মূল্যে পণ্য কেনাবেচা এবং মেয়াদ উত্তীর্ণ বা মানহীন পণ্য, ঔষধ ও বীজ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply