চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়কে ‘অবমুক্ত’ ঘোষণা করে এর সামনে সাংগঠনিক ও জাতীয় পতাকা ওড়ানোর দাবি জানিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। শুক্রবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়। ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হকের নেতৃত্বে পাঁচজন জেলা আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে তিনজন হেলমেট পরা। তারা ব্যানার ধরে আছেন এবং একজনের হাতে জাতীয় ও আরেকজনের হাতে সাংগঠনিক পতাকা। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা আছে।
ইমদাদুল হককে বলতে শোনা যায়, ‘চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের অফিস অবমুক্ত করা হলো।’ এরপর তিনি বিভিন্ন সেøাগানে নেতৃত্ব দেন। সেøাগানগুলোয় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ সহ ছাত্রলীগের মূলনীতি সম্পর্কিত বক্তব্য উচ্চারণ করতে শোনা যায়। ভিডিওতে ইমদাদুল হক ছাড়া অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, “আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। ভিডিওতে থাকা পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হেলমেট পরা তিনজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনাটি জনশূন্য সময়ে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
একই ভিডিও ছাত্রলীগের কেন্দ্রীয় ফেসবুক পেজের পাশাপাশি ইমদাদুল হকের ব্যক্তিগত ফেসবুক পেজেও আপলোড করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পেজে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর ছয় মাস পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক তানভীর ফয়সাল বলেন, ‘জেলা শাখার সদস্যসচিব রনি বিশ্বাসসহ অন্যদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’
Leave a Reply