ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বোনজামাই ও ভাগনের মারধরে কেসমত আলী (৫৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে। স্থানীয়রা জানান, কৃষক কেসমত আলীর সঙ্গে কয়েক বছর ধরে তার ছোট বোনজামাই নবিছদ্দির জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নবিছদ্দি ও কেসমত আলীর মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের লোকজন কেসমত আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন বলেন, ‘কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণ অথবা স্ট্রোকেও তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘হত্যার ঘটনায় আমরা দুজনকে আটক করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।’
Leave a Reply