কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর ৫টার দিকে জেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, ভোর ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ওই আটজনের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী ও দুইজন ট্রান্সজেন্ডার ছিলেন। বিষয়টি বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথেই ভারতে ফিরে যেতে বাধ্য হন। ৪৭ বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 CNB TV. All rights reserved.