
“গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সংসদ চলতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, অন্যথায় তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তা করতে বাধ্য করা হবে।” বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে চুয়াডাঙ্গায় আয়োজিত এক বিশাল নাগরিক সমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় শহরের সাহিদ গার্ডেনে বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালেও একই দাবি জানান তিনি। পরে মূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে আল্লামা মামুনুল হক বলেন, “কোনো টালবাহানা সহ্য করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আপনি এখন যে বিএনপি করছেন, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও যোগ করেন, এদেশ ভারতীয় প্রেসক্রিপশনে পরিচালিত হতে পারে না এবং এ দেশের জনগণ আর কোনো আধিপত্য মেনে নেবে না। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মদুল্লাহ বলেন, “বিএনপি গণভোটের বিষয়ে টালবাহানা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। যদি এই রায় বাস্তবায়ন না করা হয়, তবে শেখ হাসিনা যেভাবে পালাতে বাধ্য হয়েছেন, তেমনি দিনের আলোতেই আপনাদেরও পালাতে হবে। তখন ডানে-বামে কাউকেই পাশে পাবেন না।” সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র মজলিসের আহ্বায়ক মুহাম্মদ শাহরিয়ার আলম। অনুষ্ঠানে মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশজুড়ে গণভোটের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং শেষে মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 CNB TV. All rights reserved.