জীবননগরে পাখিভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোহান (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর আলামোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়ার সাইদ মিয়ার ছেলে।
জানা গেছে, রোববার সকালের দিকে সোহান মোটরসাইকেলযোগে সন্তোষপুর থেকে জীবননগরের উদ্দেশ্যে রওনা হন। পথে মনোহরপুর আলা মোড় নামক স্থানে পৌঁছালে একটি ব্যাটারী চালিত
পাখিভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে যশোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেওয়ার পথি মধ্যে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও বিরাজ করছে গভীর শোক।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 OnlineTV. All rights reserved.