চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।
শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে তিনি মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। তখন দেখা যায় শিশুটির মুখমন্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে পড়েছে। পরে দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, ভোরে তিন মাস বয়সী এক শিশু কন্যাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ধারণা করা হয়, হাসপাতালে আনার প্রায় ১ থেকে ২ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, শিশু কন্যার মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 OnlineTV. All rights reserved.