চুয়াডাঙ্গা জেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে গত ২৪ ঘণ্টায় জেলার কোনো সীমান্ত এলাকায় পুশইন বা পুশইনের চেষ্টার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাহিনীটি। সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জেলার দর্শনা, জীবননগর ও দামুড়হুদা উপজেলার ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপার রোধে বাহিনীটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তজুড়ে আধুনিক প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পুশইন বা পুশইনের চেষ্টার কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।’ তিনি আরও বলেন, ‘সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে রাতের বেলায় টহল ও নজরদারি কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের সুযোগ না থাকে।’
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 OnlineTV. All rights reserved.