
চার বছর পরপর পৃথিবী থেমে যায়। থমকে দাঁড়ায়। একটা বল আর ২২ জন খেলোয়াড়। সবুজ মাঠে ফুটবল কত ফুল ফোটায়। বিশ্বকাপ মৌতাত ছড়ায়। এই গ্রহের প্রতিটি কোনা হয়ে ওঠে ফুটবলময়। বৃষ্টি পড়লে যেমন পুরো পৃথিবী ছাদ হয়ে ওঠে, তেমনি বিশ্বকাপ এলে গোটা পৃথিবী হয়ে ওঠে ফুটবলনগর। অন্য গ্রহ থেকেও হয়তো ওরা উঁকি দিয়ে দেখে, পৃথিবীতে হচ্ছেটা কী! আহা রে বিশ্বকাপ! তুমি বিশ্ব কাঁপাও। সবাইকে নাচাও। আবেগে ভাসাও। হাসাও। কাঁদাও। কোথায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা। কোথায় বাংলাদেশ। লাল-সবুজের দেশে তুঙ্গস্পর্শী ফুটবল উন্মাদনা-মেসি-রোনাল্ডো, নেইমার-এমবাপ্পে, ইয়ামাল-কেইনদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা আসলে ফুটবলের মায়াবী মাধুর্যের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাই তো ‘অলিগলি-আড্ডায়, টিকাটুলি-বাড্ডায়’ বিশ্বকাপ হয়ে ওঠে বর্ণিল। নীল-সাদা, হলুদ-সবুজ, মেরুন, সাদা, লাল-রঙে-রূপে, আহলাদে আটখানা হয়ে ওঠে বাংলাদেশিদের ‘এইসব দিনরাত্রি’। রাত জেগে খেলা দেখা, ধূমায়িত চায়ের কাপে চুমুক দিতে দিতে ফুটবলমগ্নতায় ডুব দেওয়া-এদেশের ক্রীড়ামনস্ক মানুষের সুখস্নাত বিনোদন। এবারের বিশ্বকাপ একাধিক কারণে ‘প্রথম’। ফিফার এই বৈশ্বিক আসরের এটি ২৩তম সংস্করণ। ইতিহাসের সবচেয়ে বড় এবং রেকর্ড ৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানির বিশ্বকাপ এই প্রথম তিনটি দেশ-যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হচ্ছে। এই মহাযজ্ঞে প্রথমবার অংশ নিচ্ছে ৪৮ দেশ। ৩২ বছর পর উত্তর আমেরিকায় ফেরা বিশ্বকাপের ১০৪ ম্যাচ ৩৯ দিনে তিন দেশের ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আজ মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ দীর্ঘ ৩৯ দিনের হাসি-কান্না, আনন্দ-বিষাদের মধ্য দিয়ে ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। এদিকে ২০ বছরেরও বেশি সময় শিরোপাখরায় ভোগা ব্রাজিল তাদের ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জেতার অভিপ্রায়ে ১৪ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে নামবে। পেলের দেশের প্রথম প্রতিপক্ষ আফ্রিকার জায়ান্ট মরক্কো। অনেক ‘প্রথমের’ বিশ্বকাপে এবার অভিষেক হচ্ছে চার দেশ কুরাসাও, কেপ ভার্দে, জর্ডান ও উজবেকিস্তানের। এর মধ্যে ক্যারিবীয় দ্বীপাঞ্চলভুক্ত খুদে রাষ্ট্র কুরাসাওয়ের জনসংখ্যা দেড় লাখের কিছু বেশি। আর আফ্রিকা মহাদেশের ১০ দলের অন্যতম কেপ ভার্দে পাঁচ লাখ অধিবাসীর দেশ। ছয় মহাদেশের ৪৮ দলের বিশ্বকাপ প্রতিযোগিতা ৯৬ বছরের ইতিহাসে সর্ববৃহৎ। ১৯৩০ সালে ১৩ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ চারগুণ বড় হয়ে এবার এসে ঠেকেছে ৪৮ সদস্যের ‘একান্নবর্তী পরিবারে’। ১১ থেকে ২৮ জুন গ্রুপপর্ব শেষে একই দিন বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ‘শেষ বাঁশি’। চলবে ৪ জুলাই পর্যন্ত। একই দিন বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে শেষ ষোলোর ম্যাচ। চলবে ৭ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ ৯-১২ জুলাই। ১৪ ও ১৫ জুলাই সেমিফাইনাল শেষে ১৯ জুলাই ফাইনাল। এর আগের দিন মাঠে গড়াবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
কে হাসবে শেষ হাসি : প্রতিবার বিশ্বকাপ শুরুর আগে অনিবার্য প্রশ্ন-কারা হবে চ্যাম্পিয়ন। কারা হাসবে শেষ হাসি। গতবারের শিরোপাজয়ী আর্জেন্টিনা কি পারবে ইতিহাসে চতুর্থবার চ্যাম্পিয়ন হতে? তার চেয়েও বড় প্রশ্ন-ব্রাজিল কি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠবার সোনালি ট্রফি দেশে নিয়ে যেতে পারবে? সেই ২০০২ সালের পর ২৪ বছর কেটে গেছে। তাদের শিরোপাখরা কাটেনি। আবার অনেকের চাওয়া-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন ট্রফি উঁচিয়ে ধরেন। নিজের ষষ্ঠ এবং সম্ভবত শেষ বিশ্বকাপে পর্তুগিজ মহাতারকাও কায়মনোবাক্যে এ প্রার্থনাই করবেন। তবে বেশির ভাগ ফুটবলবোদ্ধা এবার এগিয়ে রাখছেন ফ্রান্সকে। এমন ভবিষ্যদ্বাণীও করা হচ্ছে যে, ফাইনালে দেখা হবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ও লামিনে ইয়ামালের স্পেনের। এদিকে এই বিশ্বকাপ এবারও ভীষণভাবে মিস করবে ইতালিকে। চারবারের চ্যাম্পিয়ন ইতালির টানা তৃতীয়বার বিশ্বকাপের মূলপর্বে খেলতে না পারা এবারের আসর মাঠে গড়ানোর আগে বড় অঘটনের জন্ম দিয়েছে।
২০১০ বিশ্বকাপের পুনরাবৃত্তি : এবারের উদ্বোধনী ম্যাচ ১৬ বছর আগের পুনরাবৃত্তি। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শুরু হয়েছিল মেক্সিকো ও স্বাগতিক দলের ম্যাচ দিয়ে। এবার প্রথম ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকোর মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। সেবার ড্র হয়েছিল উদ্বোধনী ম্যাচ। এবার কী হয় দেখা যাক। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে এ নিয়ে তৃতীয়বার হচ্ছে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এর আগে হয়েছিল ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপে। ’৭০-এ পেলের ব্রাজিল ইতালিকে হারিয়ে এবং ’৮৬-তে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
ফিফা র্যাংকিংয়ে মেক্সিকোর স্থান ১৫তম। এই বিশ্বকাপের সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হতে চলেছেন গিলবার্তো মোরা। তার বয়স মাত্র ১৭। আর যে তিনজন ফুটবলার রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ খেলবেন, তাদের অন্যতম মেক্সিকোর গোলরক্ষক গিলেরমো ওচোয়া। অপর দুজন হলেন-লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেক্সিকো বেশির ভাগ ম্যাচ খেলবে সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ মিটার উপরে। তাই উচ্চতার সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার সুবিধা পাবে তারা।
আফ্রিকা মহাদেশ থেকে এবার রেকর্ড আটটি দল খেলছে বিশ্বকাপে। ৯০ মিনিট সমানতালে জোর লড়াই করার ক্ষমতা তাদের মজ্জাগত। তাদের সমর্থকরা ভীষণরকম আবেগপ্রবণ। দক্ষিণ আফ্রিকা দলটি মূলত ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের নিয়ে গড়া। ফুটবলবিশ্বে দক্ষিণ আফ্রিকা দল ‘বাফানা বাফানা’ নামে পরিচিত। তবে স্বাগতিকদের সঙ্গে টেক্কা দেওয়া প্রায় অসম্ভব তাদের জন্য। মেক্সিকোর জয়ের সম্ভাবনা যেখানে ৬৮ শতাংশ, দক্ষিণ আফ্রিকার সেখানে মাত্র ১১.২ শতাংশ।
আবারও শাকিরা : তিন আয়োজক দেশ আলাদাভাবে উদ্বোধনী ম্যাচের ৯০ মিনিট আগে জমকালো অনুষ্ঠানের আয়োজন করবে। আজ বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু অনুষ্ঠানে লাতিন পপতারকা শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের আসরের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করবেন। মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক লাতিন সুরের মিশেলে সাজানো এই অনুষ্ঠানে আরও থাকছেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা। পরদিন শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে হবে দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। কানাডিয়ান সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরতে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা। সবশেষে ১৩ জুন বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বসবে উদ্বোধনীত্রয়ীর শেষ আসর। হলিউড ঘরানার এই চোখধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ফিউচার ও অ্যানিত্তার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। পুরো টুর্নামেন্টের এই উদ্বোধনী পর্বগুলোর মূল থিম তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে। বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগী টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মে এই জমকালো আয়োজন সরাসরি উপভোগ করতে পারবেন।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 OnlineTV. All rights reserved.