প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল, ভিডিও ভাইরাল
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যানারে গভীর রাতে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গার দামুড়হুদায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হচ্ছে, যা নিয়ে স্থানীয় মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
জানা গেছে, বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে দামুড়হুদা উপজেলার কোন এক স্থানে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তবে দুদিন পর গতকাল শুকুবার দুপুরে মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা আলোচনা শুরু হয়। অনেকেই প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এমন কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, বিষয়টি কোথা থেকে, কখন এবং কীভাবে মিছিলটি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। খুব দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র, সময় এবং অংশগ্রহণকারীদের পরিচয় যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 OnlineTV. All rights reserved.