প্রাথমিকভাবে জানা গেছে, নিহত আকিব হোসেন বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী কোচ ‘পূর্বাশা পরিবহন’-এর সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আকিব গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই যুবকের মৃত্যু হয়েছিল। পরে তার পকেটে থাকা ভিজিটিং কার্ডের সূত্র ধরে প্রাথমিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।