
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরা বেগমসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (১ জুন) দিবাগত রাতে শহরের বুজরুকগড়গড়ি ও নুরনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার (২ জুন) তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ার বাবুল শেখের স্ত্রী শিপরা বেগম (৬০) এবং নুরনগর এলাকার মৃত শহীদ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত শিপরা বেগমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫০টিরও বেশি মাদকের মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সজিব আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযানে নামেন। এ সময় বুজরুকগড়গড়ি থেকে আলোচিত মাদক ব্যবসায়ী শিপরা বেগম ও নুরনগর থেকে আরেক মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শীর্ষ মাদক ব্যবসায়ী শিপরাসহ দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 OnlineTV. All rights reserved.