ঝিনাইদহের মহেশপুর থেকে চুয়াডাঙ্গার জীবননগরে আসার পথে পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। মঙ্গলবার (২ জুন) দুপুরে মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে শ্যালককে মারধর ও স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে একটি পোস্ট দেন। পোস্টের শুরুতে দেশবাসীকে সালাম জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। গতকাল (সোমবার) একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শ্যালককে এলোপাথাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আমি পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই প্রশাসনের সহযোগিতায় আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি আশাবাদী, এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।’ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তরা নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন জামায়াতে ইসলামীর এই এমপি। তিনি লিখেছেন, ‘আমি প্রশাসনের প্রতি আস্থা ও প্রত্যাশা রাখি যে, আমার শ্যালকের ওপর হামলাকারী এবং আমার স্ত্রীকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’ এর আগে সোমবার (১ জুন) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 OnlineTV. All rights reserved.