চীনের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। ভয়াবহ ওই বিস্ফোরণে মারা যাওয়া সবাই শ্রমিক। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণের সময় ভূগর্ভে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। শুক্রবার চীনের শানসি প্রদেশের ছিংইয়ান কাউন্টির লিউশেনইউ কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চলছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, বিস্ফোরণের আগে কার্বন মনোক্সাইডের সতর্কতা জারি করা হয়েছিল। কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে, তখন গ্যাসের মাত্রা নিরাপদ সীমার চেয়েও বেশি ছিল।দুর্ঘটনার পর খনির তদারকির দায়িত্বে থাকা একজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে। এই বিস্ফোরণের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশজুড়ে কর্মক্ষেত্রের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সব অঞ্চল ও বিভাগকে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্থানীয় ভিডিওতে খনির বাইরে একাধিক অ্যাম্বুলেন্স দেখা গেছে। শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা উৎপাদন অঞ্চলগুলোর একটি। গত বছর এখানে ১০০ কোটিরও বেশি টন কয়লা উত্তোলন করা হয়, যা দেশের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ। চীন বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদক ও ভোক্তা দেশ। পাশাপাশি দেশটি বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণেরও শীর্ষে রয়েছে এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও এগিয়ে। চীনের কয়লা খনিগুলোকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, শিথিল তদারকি ও দুর্নীতির কারণে এসব খনিতে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 OnlineTV. All rights reserved.