চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সেবার মান যাচাই এবং জনদুর্ভোগ লাঘবে আকস্মিক পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল বুধবার দুপুরে তিনি প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেন এবং সেবাপ্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
পাসপোর্ট অফিস পরিদর্শনকালে সংসদ সদস্য সেখানে সেবা নিতে আসা সাধারণ মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। নাগরিকদের ভোগান্তি দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “সরকারি সেবা পাওয়া মানুষের অধিকার। সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে কঠোর নজর দিতে হবে।” তিনি কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালন এবং দ্রুততম সময়ে পাসপোর্ট সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও তাগিদ প্রদান করেন।
এরপর তিনি চুয়াডাঙ্গা টিটিসি কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে তিনি বিভিন্ন ট্রেডের ব্যবহারিক ক্লাস ও প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করে সংসদ সদস্য বলেন, “বিদেশে যাওয়ার আগে নিজেকে দক্ষ করে গড়ে তোলা জরুরি। অদক্ষ হয়ে বিদেশে গিয়ে বিপদে পড়ার চেয়ে এখান থেকে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে কাজ করলে অধিক আয় ও সম্মান নিশ্চিত হবে।” তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে দক্ষ হয়ে বিদেশে পাড়ি দেওয়ার আহ্বান জানান। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, গাংনী আসমানখালী থানার উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল এবং গাংনী থানার স্মার্ট টিমের সদস্য আরিফ ইসলামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 OnlineTV. All rights reserved.