ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জের ষাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শামীম হোসেন উপজেলার বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের মাঠ থেকে ট্রলিতে মলাজ উদ্দিন নামে এক কৃষক ধান নিয়ে আসছিলেন। এ সময় ট্রলি থেকে আনলোড করার সময় ধান ঝাড়া মেশিনের ওপর পড়ে যায়। মেশিনে বিদ্যুতের সংযোগ থাকায় শামীম ও বাবু নামে দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে শামীম ও বাবুকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর রেফার করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, হাসপাতালে আনার আগেই শামীমের মৃত্যু হয়েছে। আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 OnlineTV. All rights reserved.