আলমডাঙ্গার ওসমানপুর ক্যাম্প পুলিশ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ তরিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ওসমানপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ার হাবিবার রহমানের ছেলে তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাইরে থেকে মাদক এনে এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইলের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর তার কাছ থেকে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ প্রায় ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ওসমানপুর ও প্রাগপুর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ব্যবসায়ীরা প্রায়ই দুই উপজেলার সীমান্ত ব্যবহার করে ধরা-ছোঁয়ার বাইরে থাকে। এলাকাবাসীর দাবি, সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত টহল ও যৌথ অভিযান জোরদার করলে মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এতে অপরাধ কমবে এবং যুব সমাজ রক্ষা পাবে।
Leave a Reply