প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত কমিটিতে বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, একনেকের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রীসহ কৃষি, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিল্প, বস্ত্র ও পাট, বাণিজ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এছাড়া যেসব উন্নয়ন প্রকল্প এজেন্ডাভুক্ত থাকবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরাও সদস্য হিসেবে বৈঠকে অংশ নেবেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের উন্নয়ন কার্যক্রমের সর্বোচ্চ নীতিনির্ধারণী প্ল্যাটফর্মগুলোর একটি। উন্নয়ন প্রকল্প প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তদারকি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন এসবই এই কমিটির মূল দায়িত্ব। পাশাপাশি বেসরকারি বিনিয়োগসংক্রান্ত প্রস্তাব বিবেচনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে কমিটি। একনেককে সাচিবিক সহায়তা দেবে পরিকল্পনা বিভাগ; সহায়ক হিসেবে থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। একনেক পুনর্গঠনের পাশাপাশি একই দিনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটিও পুনর্গঠন করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, পররাষ্ট্র, শিল্প, বস্ত্র ও পাট, বাণিজ্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীরা। কোনো নির্দিষ্ট ক্রয় প্রস্তাব আলোচ্যসূচিতে থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও সদস্য হিসেবে যুক্ত হবেন। ক্রয়সংক্রান্ত এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। সহায়তাকারী কর্মকর্তা হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা। বড় অঙ্কের সরকারি ক্রয়, অবকাঠামো নির্মাণ ও কৌশলগত সরবরাহসংক্রান্ত সিদ্ধান্ত এই কমিটির মাধ্যমে চূড়ান্ত হবে। অন্যদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়কও থাকছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকারমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও আইনমন্ত্রী। দেশের সামষ্টিক অর্থনীতি, বাণিজ্যনীতি, বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক কৌশল নির্ধারণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply