1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমান দায় থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পঠিত

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আমাদের দলের লক্ষ্য হলো জনসেবা। যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি যেমন আমাদের দায়বদ্ধতা রয়েছে, তেমনি যারা ভোট দেননি তাদের প্রতিও আমাদের সমান দায় থাকবে। আমরা কোনো বিভেদ না করে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করতে চাই।’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুরে নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘অনেকেই বলে থাকেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি রয়েছে। জনমনে এই ধারণা পরিবর্তনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা প্রথমেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই লক্ষ্য অর্জনে সম্পূর্ণরূপে সফল হব।’

দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, সকল প্রকার প্রতিহিংসা ও রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নতুন ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলা হবে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

নিজের নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও ভোটে আমি সংসদ সদস্য এবং পরবর্তীতে মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি। আমার প্রতিটি উন্নয়নমূলক কাজে এই এলাকার মানুষ অগ্রাধিকার পাবেন। তবে জাতীয় স্বার্থে আমরা পুরো দেশটাকেই সুন্দরভাবে সাজাতে সামনের দিকে এগিয়ে যাব।’

মতবিনিময় সভায় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফুটনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost