1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

যমুনায় আর কতদিন ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমান উঠবেন কবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পঠিত

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করলে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আলোচনায়- সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় থাকছেন, কবে নাগাদ রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়বেন এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান কবে সেখানে উঠবেন। যমুনায় এখনও ইউনূস, তবে সাময়িকভাবে চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার তিন দিন পর, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অধ্যাপক ইউনূস। গণভবন ক্ষতিগ্রস্ত ও বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে তাঁর সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান জানিয়েছেন, অধ্যাপক ইউনূস বর্তমানে যমুনাতেই অবস্থান করছেন। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানায়, গুলশানের নিজ বাসায় সংস্কারকাজ চলায় তিনি স্ত্রী ও মেয়েসহ সাময়িকভাবে সেখানে আছেন। সংস্কার শেষ হলেই সম্ভবত এক সপ্তাহের মধ্যে তিনি স্থায়ীভাবে নিজ বাসায় ফিরে যাবেন।

সংস্কার শেষে যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী

ডিএমপি সূত্র নিশ্চিত করেছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কেই তাঁর সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করেছেন। তবে তাঁর ওঠার আগে ভবনটিতে প্রয়োজনীয় সংস্কারকাজ করা হবে। রমনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মীর আসাদুজ্জামান জানান, সংস্কারকাজ শেষ হতে আনুমানিক দুই মাস সময় লাগতে পারে। অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ভবনটি খালি পাওয়ার পর প্রায় এক মাসের মধ্যে ব্যবহারের উপযোগী করে তোলার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

দেশেই থাকছেন ইউনূস, মার্চে জাপান সফর

অধ্যাপক ইউনূস দেশেই অবস্থান করছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। মার্চের তৃতীয় সপ্তাহে জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে পাঁচ দিনের সফরে টোকিও যাওয়ার কথা রয়েছে তাঁর। সফরটি তিনি প্রধান উপদেষ্টা থাকাকালীনই নির্ধারণ করেছিলেন। সেখানে লেকচার ও বিভিন্ন বৈঠক শেষে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। আগামী সপ্তাহ থেকে তিনি তাঁর প্রতিষ্ঠিত ‘ইউনূস সেন্টার’-এ নিয়মিত কার্যক্রম শুরু করবেন। সেখানে তাঁর বিশ্বব্যাপী পরিচিত ‘থ্রি জিরো’- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ ধারণা নিয়ে কাজ চালিয়ে যাবেন বলে জানা গেছে। সব মিলিয়ে, অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর অধ্যাপক ইউনূস অল্প সময়ের মধ্যেই যমুনা ছাড়ছেন। সংস্কারকাজ শেষ হলে একই ভবনে উঠবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost