1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বড় ব্যবধানে চুয়াডাঙ্গার দুটি আসনে জামায়াতের জয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পঠিত

বড় ব্যবধানে চুয়াডাঙ্গার দুটি আসনে জামায়াতের জয়
চুয়াডা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। ঘোষিত প্রাথমিক ফলাফলে চুয়াডাঙ্গা-১ আসনে ৬১ হাজার ২২৭ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ১১ দলীয় জোট (জামায়াত) প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনে ৪৬ হাজার ৮১২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। প্রথমবার ভোট দিতে পেরে অনেক তরুণ-তরুণী উচ্ছ্বাস প্রকাশ করেন। পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে এসে ভোট দেন অনেক নারী ভোটার। বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের মধ্যেও ছিল ভোটদানের আগ্রহ; অনেক প্রবীণ ভোটার অন্যের সহায়তায় কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন। কেউ কেউ জানান, এটি হয়তো তাঁদের জীবনের শেষ ভোট—তাই নাগরিক দায়িত্ব পালনে তাঁরা পিছপা হননি।
চুয়াডাঙ্গা-১ আসনে সদর ও আলমডাঙ্গা উপজেলায় মোট ১৮০টি কেন্দ্রে এবং চুয়াডাঙ্গা-২ আসনে জীবননগর ও দামুড়হুদা উপজেলায় ১৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বড় ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
তবে কয়েকটি কেন্দ্রে অভিযোগের ভিত্তিতে প্রশাসন জরিমানা করে। চুয়াডাঙ্গা-১ আসনের একটি কেন্দ্রে খাবারের টাকা বিতরণের অভিযোগে বিএনপি কর্মীরা এক জামায়াত নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়। এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
  চুয়াডাঙ্গা-১ আসনে ১৮০টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। পোস্টাল ভোট ২ হাজার ৭৪১টি সহ অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল পেয়েছেন মোট ২ লাখ ১৩ হাজার ৮৯৬ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জান শরীফ পোস্টাল ভোট ৮১১টি সহ পেয়েছেন এক লাখ ৫২ হাজার ৬৫৯ ভোট। ৬১ হাজার ২২৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন মাসুদ পারভেজ রাসেল।
বিজয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই বিজয় জনতার বিজয়। চুয়াডাঙ্গা-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সঙ্গে নিয়ে একটি দুর্নীতিমুক্ত চুয়াডাঙ্গা গড়ে তুলতে চাই।’
চুয়াডাঙ্গা-২ আসনে ১৭৪টি কেন্দ্র ও পোস্টাল ভোটসহ মোট ১৭৫টির ফলাফল ঘোষণা করা হয়েছে। মো. রুহুল আমিন পোস্টাল ভোট ২ হাজার ৫৮৯টি সহ পেয়েছেন মোট ২ লাখ ১০ হাজার ১১১ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে পোস্টাল ভোট এক হাজার ১৬৫টি সহ পেয়েছেন এক লাখ ৬৩ হাজার ২৯৯ ভোট। ৪৬ হাজার ৮১২ ভোটের ব্যবধানে বিজয়ী হন মো. রুহুল আমিন।
বিজয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই বিজয় জীবননগর ও দামুড়হুদা তথা চুয়াডাঙ্গা-২ আসনের মানুষের। আমি সব সময় এই এলাকার মানুষের পাশে থাকতে চাই। আগামী দিনে চুয়াডাঙ্গা-২ আসনকে একটি আধুনিক ও উন্নয়নমুখী আসনে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করবো।’ সার্বিকভাবে চুয়াডাঙ্গার দুই আসনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভোটার ও সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost