বিগত বছরগুলোতে উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশের সম্পদ লুট করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।’ বক্তব্য দেওয়ার সময় একটি রাজনৈতিক দলের কার্যকলাপের প্রসঙ্গ টেনে ‘নাউজুবিল্লাহ’ বলেন বিএনপির চেয়ারম্যান। বলেন দোজখ-বেহেশতের মালিক আল্লাহ। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে সেটা শিরক। ওমরাহ পালন করে আসা একজনকে মঞ্চে ডেকে নিয়ে তারেক রহমান জিজ্ঞাসা করেন, ‘আপনি তো কাবা শরিফে গিয়েছেন, কাবার মালিক কে?’ সমাবেশে উপস্থিত সবাই মুসলমান উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তার কাছে জানতে চান, এই দুনিয়া, জান্নাত-জাহান্নামের মালিক কে? জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ।’ এরপর বিএনপির প্রধান বলেন, ‘আপনারা সবাই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, সবার মালিক আল্লাহ। জেতার মালিকও আল্লাহ। সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না।’ তিনি আরো বলেন, নির্বাচনের আগেই একটি দল এই দেব, ওই দেব বলছে, টিকিট দেব বলছে। জেতার মালিক মানুষ না, সেইটার কথা যদি যে বলে, শিরক করা হচ্ছে। সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন আম্বরখানা মসজিদের ইমাম মাওলানা ছালিক। দুপুর সাড়ে ১২টার দিকে মঞ্চে উঠেন তারেক রহমান। এ সময় স্লোগানে মুখরিত হয়ে উঠে আলিয়া মাদরাসা মাঠ। সমাবেশে যোগ দেওয়ার আগে বিমানবন্দর এলাকার গ্রান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। জনসভায় বিপুল নেতাকর্মী সিলেট ও সুনমাগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নিয়েছেন। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় শুরুতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
Leave a Reply