1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত সময় পাচ্ছে কর্মকর্তারা।

বুধবার (১৭ ডিসেম্বর) উপসচিব মো. হুমায়ুন কবির মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং দাবি আপত্তি নিষ্পত্তিপূর্বক ২০ অক্টোবর ভোটকেন্দ্রের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। প্রাথমিক চূড়ান্তকৃত ভোটকেন্দ্রসমূহ নীতিমালা অনুসরণে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা সম্পন্ন করে পাঁচ দিনের মধ্যে পাঠাতে হবে।

তালিকা পাঠানোর সময়- নির্বাচনি এলাকার নম্বর ও নাম সঠিক আছে কি না?, উপজেলা/থানার নাম সঠিক আছে কি না?, ভোটকেন্দ্রের নম্বর, সিরিয়াল নম্বর সঠিক আছে কি না?, ভোটারের সংখ্যা সঠিকভাবে লিপিবদ্ধ আছে কি না?, যোগফল সঠিক আছে কি না?, অস্থায়ী কেন্দ্র ও অস্থায়ী কক্ষের বিষয়ে ব্যাখ্যা আছে কি না ও অস্থায়ী কক্ষের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘরে অস্থায়ী লিখিত আছে কি না? এবং ভোটারের সংখ্যার সঙ্গে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নীতিমালা অনুযায়ী আছে কি না?

চিঠিতে আরও বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত যে সকল ভোটকেন্দ্র পরিবর্তন করা হয়েছে এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে সকল ভোটকেন্দ্র নতুন প্রস্তাব করা হয়েছে, তার আসনভিত্তিক সারসংক্ষেপ প্রেরণ করতে হবে।

এছাড়া ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভোটকেন্দ্রের প্রস্তাব করা হয়েছে মর্মে সিনিয়র জেলা নির্বাচন অফিসার/ জেলা নির্বাচন অফিসারকে প্রত্যয়নসহ পাঠাতে হবে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করবে ইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost